কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা হঠাৎ করেই সব ফ্লাইট স্থগিত করেছে কেবিন ক্রুদের ধর্মঘট শুরুর কারণে। এতে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (CUPE) নিশ্চিত করে যে, তাদের ১০ হাজারেরও বেশি কেবিন ক্রু টানা ৭২ ঘণ্টার জন্য কাজে যোগ দিচ্ছেন না। ধর্মঘট শুরু হয় স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিটে, তবে তার আগেই এয়ার কানাডা ধীরে ধীরে তাদের কার্যক্রম কমাতে শুরু করেছিল। প্রতিদিন প্রায় ৫০০ ফ্লাইট বন্ধ থাকছে এই কর্মসূচির কারণে।
সংস্থাটি জানায়, এয়ার কানাডা রুজসহ সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইটগুলো চালু থাকবে। যাত্রীদের স্পষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে, বিকল্প এয়ারলাইন্স ছাড়া যেন কেউ বিমানবন্দরে না আসেন।
ধর্মঘটের মূল দাবি হচ্ছে বেতন বৃদ্ধি এবং মাটিতে কাজ করার সময়ের জন্যও ভাতা প্রদান। কেবিন ক্রুরা অভিযোগ করেছেন, বিমানের ভেতরে যাত্রীরা ওঠানামা করার সময় বা এয়ারপোর্টে অপেক্ষার ঘণ্টাগুলো কোনোভাবেই তাদের মজুরির মধ্যে ধরা হয় না।
এয়ার কানাডা দাবি করছে, তারা আলোচনায় ৪ বছরে মোট ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যার মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বৃদ্ধির কথা ছিল। কিন্তু ইউনিয়নের মতে, এই প্রস্তাব বর্তমান মুদ্রাস্ফীতির তুলনায় অনেক কম, বাজারদরের নিচে এবং এমনকি ন্যূনতম মজুরিরও নিচে।
শুক্রবার রাত পর্যন্ত এয়ার কানাডা ৬২৩টি ফ্লাইট বাতিল করে দিয়েছে, যার ফলে এক লাখেরও বেশি যাত্রী আটকা পড়েছেন। শনিবার থেকে ধর্মঘট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এর আগেই যাত্রীরা নতুন বুকিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন কানাডার বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে।
কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাজদু দুই পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, এয়ার কানাডা সরকারকে এই বিরোধ মীমাংসার জন্য বাধ্যতামূলক সালিশি প্রক্রিয়ায় পাঠানোর আবেদন করেছে।
অন্যদিকে ইউনিয়ন অভিযোগ করছে, তারা টানা আট মাস ধরে সৎভাবে আলোচনা চালালেও এয়ার কানাডা ইচ্ছাকৃতভাবে সরকারকে সামনে টেনে এনে শ্রমিকদের অধিকার খর্ব করতে চাইছে। ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, “আমরা যখন ঐক্যবদ্ধ থেকেছি, তখন এয়ার কানাডা আলোচনার টেবিলে সৎভাবে বসেনি। বরং তারা সরকারকে ডেকে এনেছে আমাদের অধিকার কেড়ে নিতে।”
ধর্মঘটের ফলে ১৮০টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাখো যাত্রীকে ভোগান্তি পোহাতে হবে।

