রাশিয়ার মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৩০ জন।
শনিবার (১৬ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দুর্ঘটনাকবলিত কারখানায় গানপাউডারসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ উৎপাদন করা হতো। এর আগে, ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন।
মর্মান্তিক এ ঘটনায় রিয়াজান অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাশিয়ায় এ ধরনের শিল্প দুর্ঘটনা বিরল নয়। প্রায়ই দেশটিতে কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতে বহু প্রাণহানি ঘটে থাকে।

