মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর বিনিময়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝঝিয়ায় যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
যদিও বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে দ্যা গার্ডিয়ান জানিয়েছে, বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট দুই কূটনীতিকের বরাতে পুতিন দনবাস ছেড়ে দেওয়ার শর্তই সামনে এনেছেন। এতে যুদ্ধ সীমিত হতে পারে খেরসন ও জাপোরিঝঝিয়ায়।
মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ খুব একটা ফলপ্রসূ হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ট্রাম্প জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে পরামর্শ দিয়েছেন। তার মন্তব্য ছিল—“মস্কোর মতো শক্তি কিয়েভের নেই, তাই অবিলম্বে সমঝোতা করা উচিত।”
এদিকে, বৈঠক শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। তিনি আলোচনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়, আমরাও শান্তিপূর্ণ সমাধান চাই। সব সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।”
পুতিন আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনাটি ছিল খোলামেলা ও তথ্যবহুল। তার মতে, এ বৈঠক প্রয়োজনীয় সিদ্ধান্তের দিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তিই একমাত্র সমাধান। তিনি পুতিনের সঙ্গে আলোচনাকে সফল বলে আখ্যায়িত করেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন।
কিন্তু এ সময়েই ইউক্রেনজুড়ে নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই রাশিয়া ৮৫টি শাহেদ ড্রোন এবং একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভ দাবি করছে, তাদের বিমান প্রতিরক্ষা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে মস্কো জানিয়েছে, দোনেৎস্ক ও নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে নতুন দুটি গ্রাম দখল করেছে তারা।

