ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩৪০ জনের প্রাণহানি নিশ্চিত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনখাওয়া। এখানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে অন্তত ৭৪টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানের সময় এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্যও প্রাণ হারান। কাশ্মীরের পাকিস্তান-শাসিত অংশে মারা গেছেন আরও ৯ জন এবং গিলগিত-বালতিস্তানে মারা গেছেন ৫ জন।
সরকারি আবহাওয়া অফিস সতর্ক করেছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত উত্তর-পশ্চিম পাকিস্তানে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে কয়েকটি এলাকা দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করা হয়েছে।
বুনের জেলার এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, বন্যা নেমে আসছিল “কিয়ামতের মতো”। আজিজুল্লাহ নামের ওই ব্যক্তি জানান, “আমি এক বিকট শব্দ শুনলাম, মনে হলো পুরো পাহাড়টাই নেমে আসছে। বাইরে বের হয়ে দেখি চারপাশ কাঁপছে। মনে হচ্ছিল পৃথিবীর শেষ সময় এসে গেছে। পানির তীব্র চাপের কারণে মাটি কাঁপছিল, মনে হচ্ছিল মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে।”
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদাপুর জানিয়েছেন, বাজাউরে যাওয়ার পথে এম-১৭ হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়। ওই অঞ্চলের সীমান্ত আফগানিস্তানের সঙ্গে। বাজাউরে দেখা যায়, কাদায় ঢেকে যাওয়া পাহাড় খুঁড়ে বের করার চেষ্টা করছে এক্সকাভেটর। কাছেই খোলা মাঠে শুরু হয়েছে জানাজা। কম্বল দিয়ে ঢাকা লাশগুলোর সামনে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।
দুর্যোগে শোক প্রকাশ করতে খাইবার পাখতুনখাওয়ায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে কাশ্মীরের ভারত-শাসিত অংশেও ভয়াবহ বিপর্যয় ঘটেছে। হিমালয়ের একটি গ্রামে প্রবল বন্যায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। কাদা ও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকারীরা মরদেহ বের করছেন, আর অনেক মানুষ এখনও নিখোঁজ।
দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে মৌসুমি বৃষ্টি। এই সময়েই মোট বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় তিন-চতুর্থাংশ নেমে আসে। ফলে ভূমিধস ও বন্যা প্রতি বছরই ঘটে থাকে। চলতি মৌসুমেই এখন পর্যন্ত ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। শুধু জুলাই মাসেই পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে গত বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এতে মৃত্যু ও ক্ষয়ক্ষতির মাত্রাও বেড়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব দুটোই বাড়ছে। বিশেষ করে উত্তর পাকিস্তানের হিমবাহগুলো দ্রুত গলছে ও সরে যাচ্ছে। এর ফলে পাহাড় থেকে মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মৌসুমি বৃষ্টিপাত সেই দুর্বল পাহাড়গুলোকে আরও অস্থিতিশীল করে তুলছে, যার পরিণতিতে ঘটে ভয়াবহ ভূমিধস।
তবে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। কিন্তু গ্লেসিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বরফ গলার প্রবণতাই বড় ভূমিকা রাখছে এই দুর্যোগে।

