সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১১ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নাজরানের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযানে ছয়জন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
অভিযানটি পরিচালনা করেছে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটির মহাপরিদপ্তর এবং মানবপাচারবিরোধী ইউনিট। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের নৈতিকতা-বিরোধী কার্যকলাপ ও মানবপাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রক্ষণশীল সৌদি আরবে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক এবং মানবপাচারকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা, প্রবাসীদের ক্ষেত্রে দেশে বহিষ্কার এবং কখনও কখনও শারীরিক শাস্তির মুখোমুখি হতে হয়।
গত কয়েক বছরে সৌদি সরকার মানবপাচার ও দেহ ব্যবসা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। গোপন নজরদারি, বিশেষ অভিযান এবং কঠোর আইনি ব্যবস্থা তার অংশ। নাজরানে এই অভিযানে গ্রেপ্তার প্রবাসীরাও সেই ধারাবাহিক প্রচেষ্টার অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে।

