২০২৩ সালের ৭ অক্টোবর। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে আক্রমণ চালায়। সেই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং অন্তত ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) আহারোন হালিভার ভয়াবহ মন্তব্য নিয়ে সম্প্রতি ফাঁস হয়েছে একটি অডিও। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ প্রকাশিত ওই অডিওতে হালিভাকে বলতে শোনা যায়—“৭ অক্টোবর যারা মারা গেছে, তাদের প্রত্যেকের বদলে ৫০ জন ফিলিস্তিনিকে মরতে হবে।”
তিনি আরও বলেন, এ গণহত্যা ভবিষ্যত প্রজন্মের জন্য ‘প্রয়োজনীয়’। শুধু তাই নয়, ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ঘটনাও টেনে আনেন তিনি। হালিভার ভাষায়, ফিলিস্তিনিদের এখন আরেক দফা গণ বাস্তুচ্যুতি দরকার এবং ইসরায়েলিদের হত্যার জন্য ফিলিস্তিনি জনগণকে এর মূল্য বুঝতে হবে।
হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন হালিভা। শেষ পর্যন্ত দায়িত্ব স্বীকার করে ২০২৪ সালের এপ্রিলে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

