যুক্তরাষ্ট্রে ফের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। নিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় গোলাগুলিতে অন্তত তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
পুলিশ ধারণা করছে, এটি গ্যাং-সংঘাতের জেরেই ঘটেছে। সোমবার (১৮ আগস্ট) আনাদোলু সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ২৭ মিনিটে ক্রাউন হাইটসের টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় এ হামলার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে পাওয়া যায়।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহতরা সবাই পুরুষ—যাদের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছর বয়সী এক তরুণ, বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহতদের মধ্যে নয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও অবস্থা প্রাণঘাতী নয়।
তিনি আরও বলেন, ভিড়ে ঠাসা রেস্তোরাঁয় ঝগড়ার জেরেই গোলাগুলি ছড়িয়ে পড়ে। “প্রাথমিকভাবে এটি গ্যাং-সম্পর্কিত মনে হচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ হয়তো ঘটনায় জড়িত ছিলেন, তবে সাধারণ মানুষও এর শিকার হয়েছেন।”
ঘটনার পরও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ৪২টি গুলির খোসা উদ্ধার করেছেন।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ভয়াবহ বন্দুক সহিংসতা হিসেবে আখ্যা দেন। তিনি উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগেই ম্যানহাটনে আরেকটি বন্দুক হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তা ছিলেন।
অ্যাডামস বলেন, “এ ধরনের সহিংসতা পুরো সম্প্রদায় ও শহরের জন্য গভীর ক্ষত তৈরি করে।” তিনি জানান, অবৈধ অস্ত্র দমনে নগরজুড়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রতিশোধমূলক হামলা ঠেকাতে বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।
এনওয়াইপিডি কমিশনার টিশ আরো জানান, চলতি বছরের প্রথম সাত মাসে নিউইয়র্কে গুলিবর্ষণ এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে কমেছে। তবে রোববারের এ হামলা ছিল ভয়াবহ ও ব্যতিক্রমী ঘটনা।

