ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনাই ইউক্রেনের ভবিষ্যতের জন্য নির্ধারণী হতে পারে—এমন ধারণা প্রকাশ করছেন বিশ্লেষকেরা। গত শুক্রবার আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের তুলনায় হোয়াইট হাউসে সোমবারের বৈঠক ইউক্রেনের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি শুধু ইউক্রেন নয়, বরং সমগ্র ইউরোপের নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত।
পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠক আপাতদৃষ্টিতে প্রত্যাশা পূরণ করেছে মনে হলেও সেখানে কোনো যুদ্ধবিরতি হয়নি, আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি এবং বড় কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই প্রশ্ন উঠছে— দুই পারমাণবিক শক্তিধর দেশের গোপন সমঝোতা থেকে ইউক্রেন ও ইউরোপের অবস্থান কী হতে যাচ্ছে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন। তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়ার নিয়ন্ত্রণ আর কখনও ফিরিয়ে পাওয়া যাবে না।
এই মন্তব্য আসে এমন সময়ে যখন জেলেনস্কি ওয়াশিংটনে হোয়াইট হাউস বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, যেখানে ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন। ট্রাম্পের বিশেষ দূত জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে ন্যাটোর মতো প্রতিরক্ষা কাঠামোর ধারণাও রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়ে জেলেনস্কি নিরাপত্তা নিশ্চয়তার দাবি আবারো তুলে ধরেছেন। ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার মন্তব্য করেছেন, হোয়াইট হাউসে এই বৈঠক ইউক্রেনের ভবিষ্যতের জন্য আলাস্কার সম্মেলনের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ প্রমাণিত হতে পারে।

