গত শুক্রবার আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক প্রত্যাশিতভাবেই ব্যর্থতায় শেষ হয়। না হলো যুদ্ধবিরতি, না হলো নিষেধাজ্ঞা শিথিল, না কোনো বড় চুক্তি। বিশ্বজুড়ে তখন প্রশ্ন উঠেছিল—ইউক্রেন ও ইউরোপ কি দুই পরাশক্তির গোপন দরকষাকষিতে বাইরে ছিটকে পড়তে যাচ্ছে?
কিন্তু সোমবারের ওয়াশিংটন বৈঠক যেন সেই আশঙ্কা ম্লান করার চেষ্টা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর মের্জ ও ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে। তাঁদের উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে: ইউক্রেন ছাড়া কোনো শান্তিচুক্তি নয়, এবং সেই চুক্তি অবশ্যই অবিচল নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতে হতে হবে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন কেয়ার স্টারমার—এমনকি ট্রাম্প তাঁর কথা শোনেনও। আগামী মাসে ট্রাম্পের যুক্তরাজ্য সফরের আগে এই বৈঠকে স্টারমারের কূটনৈতিক দক্ষতা কঠিন পরীক্ষায় পড়তে চলেছে। ন্যাটো মহাসচিব রুট্টেকেও অনেকেই বলেন “ট্রাম্প হুইস্পারার”—অর্থাৎ যিনি ট্রাম্পকে বোঝাতে সক্ষম। অন্যদিকে ম্যাক্রোঁর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন বেশ ঠাণ্ডা, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ইস্যুতে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বহুবার বলেছেন—তিনি কোনো জমি ছাড় দেবেন না। সংবিধানও সেটি অনুমতি দেয় না। ইউরোপীয় নেতারাও এককথায় বলছেন—বলপ্রয়োগে আন্তর্জাতিক সীমানা পরিবর্তন মেনে নেওয়া যাবে না। কিন্তু পুতিন ডনবাস অঞ্চলকে (যার প্রায় ৮৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে) ছাড়তে রাজি নন, আর ক্রিমিয়া ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না।
তবে ইউরোপীয় কূটনীতিক কায়া কাল্লাস যেমন একবার বলেছিলেন—ইউক্রেনের বিজয় মানে কেবল দখলকৃত জমি পুনরুদ্ধার নয়। যদি ন্যাটোর ধাঁচে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়, যা ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে সক্ষম হবে, তবে সেটিও ইউক্রেনের জন্য প্রকৃত বিজয় হতে পারে।
এখন গুঞ্জন উঠেছে, ওয়াশিংটনে আলোচনার মূল প্রস্তাব হলো—ইউক্রেন কিছু জমি হারাবে, কিন্তু ভবিষ্যতে আর জমি হারাতে হবে না—এমন নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে যুদ্ধের ইতি ঘটানো। কিন্তু প্রশ্ন হলো—যে ভূমি রক্ষায় হাজারো মানুষ প্রাণ দিয়েছে, সেটি কি সহজে ছেড়ে দেওয়া সম্ভব? আর যদি দোনেৎস্কের অবশিষ্ট অংশও রাশিয়াকে দেওয়া হয়, তবে কি কিয়েভের পথে আরও বিপজ্জনক ফাঁক তৈরি হবে না?
এমনকি যদি শান্তিচুক্তি হয়ও, সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন—লড়াই থেমে গেলে পুতিন তাঁর সেনাবাহিনী নতুন করে গড়ে তুলবেন, অস্ত্র বানাবেন এবং কয়েক বছরের মধ্যেই আবার আক্রমণের প্রস্তুতি নেবেন। তখন হয়তো আকাশে উড়ন্ত কোনো টাইফুন বা এফ-৩৫ যুদ্ধবিমানকে নিতে হবে প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ার ঝুঁকি

