রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণটি ঘটেছিল গত শনিবার সকালে।
বিস্ফোরণের পর মুহূর্তেই কারখানার বড় একটি অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কারখানাটিতে মূলত গুলি ও গানপাউডার উৎপাদন হতো। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনো স্পষ্ট নয়।
রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত। প্রাথমিক ধারণা, ভেতরে থাকা দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের মধ্যে ৩১ জনকে মস্কো ও রিয়াজানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ১০৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রাশিয়ার কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ প্রকাশ করা হয়নি। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

