রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নিয়েও কথা হয়েছে।
মোদি এক্সে দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, যুদ্ধে রাশিয়ার অবস্থান স্পষ্ট করার জন্য তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিন আজ আমাকে ফোন করেছিলেন। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সম্পর্কিত নানা তথ্য ও অভিজ্ঞতা তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। ভারত সব সময় শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসনের পক্ষে এবং শুরু থেকেই উভয় পক্ষকে এই আহ্বান জানিয়ে আসছে। সামনের দিনগুলোতেও বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের জন্য আমি অপেক্ষা করছি।”
২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক বাজারেও রুশ তেলের দাম সীমিত করে দেওয়া হয়। এর ফলে ভারতের বাজার রুশ তেলের বড় ক্রেতা হিসেবে উঠে আসে। বর্তমানে দেশটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি ক্রেতা।
তবে রুশ তেল আমদানি নিয়ে সম্প্রতি ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, রুশ তেল কিনে ভারত এই যুদ্ধকে টিকিয়ে রাখছে। এমনকি ‘শাস্তি’ হিসেবে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
অন্যদিকে ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের স্বার্থেই তারা রাশিয়া থেকে তেল কিনছে, আর এই নীতিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এই টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবারের টেলিফোন বার্তায় ওই বৈঠক নিয়েই মূলত আলোচনা হয় পুতিন ও মোদির মধ্যে।


