রাশিয়া–ইউক্রেন সংঘাতের অবসানে যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তিচুক্তিকেই বেশি জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিশ্বাস, এ ধরনের একটি চুক্তি নিকট ভবিষ্যতে সম্ভব এবং সেটিই সংঘাত থামানোর একমাত্র কার্যকর পথ।
সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, তাৎক্ষণিক যুদ্ধবিরতি হত্যাযজ্ঞ বন্ধ করতে সহায়তা করতে পারে, তবে টেকসই শান্তির নিশ্চয়তা দেয় না। “আমরা সবাই যুদ্ধবিরতিকে শান্তির পথে প্রথম ধাপ মনে করি। কিন্তু আমি মনে করি চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত স্থায়ী শান্তিচুক্তি,” বলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন, এই সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়া প্রয়োজন।
তবে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস আংশিক ভিন্নমত প্রকাশ করেছেন। তিনি বলেন, পরবর্তী বৈঠকের আগে অন্তত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা জরুরি। “আমরা সবাই যুদ্ধবিরতি চাই। কোনো ধরনের যুদ্ধবিরতি ছাড়া আলোচনায় বসার কথা আমি ভাবতেই পারছি না। সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের (যুক্তরাষ্ট্র–রাশিয়া–ইউক্রেন) আগে রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া উচিত,” মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় সোমবার দুপুরে জেলেনস্কির সঙ্গে আলোচনার পর বিকেলে ট্রাম্প বৈঠক করেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। একই বৈঠকে যোগ দেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ই ট্রাম্প ও ম্যার্ৎস তাঁদের অবস্থান তুলে ধরেন।

