রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘খুবই চমৎকার’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি এটিকে ‘সেরা বৈঠক’ বলতে রাজি নন। জেলেনস্কির মতে, প্রকৃত সেরা বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন জেলেনস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা সংবেদনশীল বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছি। তবে আমার বিশ্বাস, সেরা আলোচনাটি এখনও সামনে।”
উল্লেখ্য, বৈঠকে ট্রাম্প জানান, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তিচুক্তিকে অগ্রাধিকার দেন। পাশাপাশি নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকেরও ইচ্ছা প্রকাশ করেন তিনি।
বৈঠক-পরবর্তী আলোচনায় জেলেনস্কিও ইঙ্গিত দেন যে তিনি ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করছেন এবং তিনিও একটি ত্রিপাক্ষিক বৈঠককে জরুরি মনে করেন।

