রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে ইউরোপ ও ন্যাটো নেতাদের সঙ্গে চলমান বৈঠক থামিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান দৈনিক বিল্ড প্রথম এ খবর প্রকাশ করে, পরে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প। এই বৈঠক উপলক্ষে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। জেলেনস্কির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন, আলোচনার এক পর্যায়ে হঠাৎ বৈঠক থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। কিছু সময় ফোনে কথা বলার পর আবার আলোচনায় ফেরেন তিনি।
তবে ট্রাম্প আগেই বলেছিলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন।
সোমবার জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠকে যোগ দেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

