রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই ভূখণ্ডগত ছাড় দিতে হবে। এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়, ন্যায্যও নাও হতে পারে, তবে যুদ্ধের অবসান ঘটাতে হলে এই পদক্ষেপ নিতে হবে।”
তিনি জানান, শান্তিচুক্তির অংশ হিসেবে কোন সীমারেখা নির্ধারিত হবে তা স্থির করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সেখানে মধ্যস্থতাকারী ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
রুবিও বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র শুধু ইউরোপীয় মিত্রদের সঙ্গেই নয় বরং অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সমন্বয় করছে। তার ভাষায়, “এটি শান্তিচুক্তির পর কার্যকর হতে হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতে নিরাপদ বোধ করে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনেক দেশ ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে ইউক্রেনীয়রা নিজেদের সবচেয়ে বড় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
রুবিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন।

