রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি।
মঙ্গলবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ট্রাম্প সোমবার বলেছেন, “ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে সমন্বয় করছেন। রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সবাই খুবই আশাবাদী।”
তিনি আরো জানান, পুতিন ও জেলেনস্কির প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে, যেখানে তিনি নিজেও দুই প্রেসিডেন্টের সঙ্গে অংশ নেবেন।
এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসে ট্রাম্পের ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিরতিতে পুতিন ট্রাম্পকে ফোনে জানিয়েছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত। এটি আলাস্কায় শীর্ষ বৈঠকের কয়েক দিনের মধ্যেই ঘটে।
অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধান খুঁজতে ট্রাম্পের প্রচেষ্টা ইউক্রেন সমর্থন করছে। তিনি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রস্তুত এবং ট্রাম্পকে “হত্যাযজ্ঞ বন্ধে কাজ করার জন্য” ধন্যবাদ জানিয়েছেন। জেলেনস্কি আরও বলেছেন, “এখন আমাদের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার সুযোগ তৈরি হয়েছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুনরায় সজ্জিত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
এর আগে সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে কিয়েভকে ক্রিমিয়া পুনর্দখলের প্রচেষ্টা ও ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানান। জবাবে জেলেনস্কি এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাশিয়াকে কেবল শক্তির মাধ্যমে শান্তিতে বাধ্য করা সম্ভব, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সেই শক্তি রয়েছে।”
ওয়াশিংটনে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইউক্রেনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, জেলেনস্কি উপস্থিত থাকলে পুতিন বৈঠকে আসার সাহস দেখাবেন কি না, তা অনিশ্চিত। মের্জ ট্রাম্পের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় পুরো ইউরোপকেই অংশ নিতে হবে।”

