চীন ও ভারতের উচিত একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে দেখা বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দুই দেশের উচিত সঠিক কৌশলগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ধরে রাখা।
মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই ভারত ও চীনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনা সংবাদমাধ্যম চাইনা ডেইলি জানায়, ওয়াং ই বলেন, দুই দেশের উচিত দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতা ধরে রাখা, সহযোগিতা বাড়ানো এবং এশিয়া ও বিশ্বের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, গত বছর কাজানে দুই দেশের নেতাদের সফল বৈঠক সম্পর্কের অগ্রগতির ভিত্তি সৃষ্টি করেছে। বিভিন্ন পর্যায়ে সংলাপ ও বিনিময় পুনরায় শুরু হওয়ায় সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে।
চলতি বছর চীন-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি হয়েছে। ওয়াং ই বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই দেশের উচিত একে অপরকে সুযোগ হিসেবে দেখা, প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নয়। তিনি আহ্বান জানান, দুই দেশ তাদের মূল্যবান সম্পদ উন্নয়ন ও পুনর্জাগরণের কাজে ব্যয় করুক এবং পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করুক।
তিনি আরো বলেন, উভয় দেশের উচিত অর্ধেক পথ এগিয়ে আসা, বিভ্রান্তি দূর করা, সহযোগিতা বৃদ্ধি করা এবং দুই প্রাচীন সভ্যতার পুনর্জাগরণকে একে অপরের পরিপূরক হিসেবে প্রতিষ্ঠা করা। ওয়াং ই জোর দিয়ে বলেন, একপক্ষীয়তা ও আধিপত্যবাদ যখন বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তখন চীন ও ভারত— যাদের সম্মিলিত জনসংখ্যা ২৮০ কোটির বেশি— তাদের উচিত উন্নয়নশীল বিশ্বের জন্য শক্তি সঞ্চয়ের দৃষ্টান্ত স্থাপন করা। তিনি বলেন, দুই দেশের উচিত বহুমুখী বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে অবদান রাখা।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, কৌশলগত দৃষ্টিভঙ্গি উন্নয়ন উভয় দেশের স্বার্থে স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক নিশ্চিত করবে। তিনি জানান, কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে কাজে লাগিয়ে ভারত রাজনৈতিক আস্থা জোরদার করতে চায়, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সুদৃঢ় করতে চায়। পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।

