দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নিজ সরকারি বাসভবনে জনসাধারণের অভিযোগ শোনার সময় এক ব্যক্তির হামলার শিকার হয়েছেন। বুধবার সকালে সিভিল লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে ‘জন সুনওয়াই’ চলাকালে প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি তার কাছে গিয়ে একটি কাগজ দেন। কিছুক্ষণ পর তিনি মুখ্যমন্ত্রীকে সজোরে চড় মারেন এবং চুলের মুঠি ধরে টানেন। এ সময় তিনি চিৎকার করে গালিগালাজও করছিলেন।
ঘটনার পর ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করেছে পুলিশ। যদিও সেগুলোর বিস্তারিত জানা যায়নি, তবে সূত্রের বরাতে জানা গেছে হামলার আগে তিনি মুখ্যমন্ত্রীকে যে কাগজ দেন এবং পরে যা উদ্ধার করা হয়, উভয়ই আদালত-সম্পর্কিত নথি।
ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, হামলাকারী শুধু চড় ও চুল টানেনি, বরং মুখ্যমন্ত্রীর মাথায় ভারী বস্তু দিয়েও আঘাত করেছে। এ অভিযোগ বিজেপিও করেছে। দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।
তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি দিল্লি পুলিশ।

