ক্ষুধায় ধুঁকতে থাকা গাজা উপত্যকায় মঙ্গলবার প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এবং সরকারের সমন্বয়কারী কমিটি কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটি (কোগাট) বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কোগাট জানিয়েছে, প্রবেশ করা ত্রাণ সবই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত। আরও কয়েকশ ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমাণ রয়েছে এবং শিগগিরই তাদেরও অনুমতি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান চালাতে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর পর থেকে ২২ মাসে গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। সামরিক অভিযান চালানোর পাশাপাশি আইডিএফ সেখানে খাদ্য, পানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ফলে গাজায় হাজারো মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে।
মঙ্গলবার গাজায় খাদ্য সামগ্রীর পাশাপাশি জ্বালানি তেলবাহী ট্রাকও প্রবেশ করেছে। জাতিসংঘ হাসপাতালগুলো চালানোর জন্য এই জ্বালানি সরবরাহ করেছে। তবে জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের প্রয়োজন, যেখানে বিমান থেকে সরবরাহিত ত্রাণের পরিমাণ মাত্র ৬ থেকে ৯ ট্রাক সমান।
কোগাটের বিবৃতিতে বলা হয়েছে, আরো ত্রাণ সামগ্রী শিগগিরই গাজায় পৌঁছানোর অনুমতি দেওয়া হবে।

