মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকা আবারো উত্তপ্ত হচ্ছে। টানা ১০ দিন শান্ত থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বুধবার রাত একটার মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাখাইনের ‘নারিকেলবাগিচা’ এলাকা থেকে এই গোলাগুলির শব্দ ভেসে এসেছে। ওই এলাকায় আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্তচৌকি রয়েছে। স্থানীয়দের ধারণা, আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দল—আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষের কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে।
ঘুমধুম বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শফি ও স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ জানিয়েছেন, রাতভর শতাধিক গুলির শব্দ শুনতে পেয়েছেন। নতুন করে গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুর মোহাম্মদ বলেন, ১০ আগস্ট সীমান্তের ওপারে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছিল। তারপর ১০ দিন শান্তি বিরাজ করলেও গতকাল রাত হঠাৎ বিকট গোলাগুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের নির্ঘুম রাত কেটেছে।
সীমান্তবর্তী বাসিন্দারা গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সীমান্ত সূত্রে জানা গেছে, আরাকান আর্মি গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার এলাকা দখল করে। এর পর থেকে সীমান্ত এলাকায় গোলাগুলির কোনো ঘটনা জানা যায়নি। তবে ১০ আগস্ট হঠাৎ আরাকান আর্মির দুটি চেকপোস্টে হামলার খবর ছড়িয়ে পড়ে। পরদিন মিয়ানমার থেকে একজন ব্যক্তি একে-৪৭ রাইফেল, ৫২টি গুলি ও দুটি ম্যাগাজিন নিয়ে বাংলাদেশের উখিয়ায় এসে আত্মসমর্পণ করেন। তিনি আরাকান আর্মির সদস্য হিসেবে স্বীকার করেছেন। ১৭ আগস্ট বিজিবি তুমব্রু সীমান্ত থেকে আরাকান আর্মির সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুল হক জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সম্প্রতি পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক ও দুইজন বাংলাদেশি। বর্তমানে তারা বান্দরবানের কারাগারে রয়েছেন।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “ওপারের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। অনুপ্রবেশ ঠেকাতে টহল তৎপরতা জোরদার করা হয়েছে।”

