দীর্ঘ টানাপোড়েনের পর ভারত ও চীনের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈশ্বিক অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির প্রেক্ষাপটে এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক নতুন করে গুরুত্ব পাচ্ছে।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মোদি জানান, ভারত ও চীন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সংবেদনশীল বিষয়ে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে বলে তিনি আশা করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, দুই দেশ বর্তমানে ‘স্থিতিশীল উন্নয়নের পথে’ রয়েছে এবং একে অপরের প্রতি ‘বিশ্বাস ও সমর্থন’ প্রদর্শন করা উচিত।
ওয়াং সোমবার ভারতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব বৈঠকে সীমান্ত বিরোধ, উত্তেজনা কমানো ও সীমারেখা নির্ধারণসহ সীমান্ত–সংক্রান্ত নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
২০২০ সালে লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই সংঘাতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হন। এর ফলে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ স্থগিত হয়ে পড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত এলাকায় সেনা কমানো ও টহল সংক্রান্ত কিছু চুক্তি হয়েছে।
সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসায় ওয়াং ই বলেন, “গত কয়েক বছরে আমরা যে সমস্যাগুলো দেখেছি, তা দুই দেশের মানুষের স্বার্থে ছিল না। সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসায় আমরা সন্তুষ্ট।” মোদির দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত প্রশ্নে ন্যায্য, যুক্তিসংগত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ভারত-চীনের সম্পর্ক উন্নতির এই সময়েই নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন, যার পেছনে কারণ ভারত রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে এশিয়ায় চীনের প্রভাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে আসছে এবং ভারত কোয়াড নিরাপত্তা জোটের সদস্য, যেখানে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াও রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও চীনের মধ্যে সরকারি সফর ও আলোচনার হার বেড়েছে। বাণিজ্যবিষয়ক বিধিনিষেধ শিথিল, নাগরিক চলাচল ও ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে অগ্রগতি হয়েছে। গত জুনে চীন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের ধর্মীয় স্থান পরিদর্শনের অনুমতি দেয় এবং উভয় দেশ সরাসরি ফ্লাইট চালুরও উদ্যোগ নিয়েছে। এছাড়া সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে পুনরায় বাণিজ্য শুরু করার আলোচনাও চলছে।
নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো মনোজ যোশীর মতে, সীমান্ত সমস্যার সমাধানে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সমঝোতাই একমাত্র পথ।

