আফগানিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লাগাম টানতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান ও চীন। দুই দেশ বলছে, এসব গোষ্ঠী শুধু আফগানিস্তান নয় বরং তাদের নিজস্ব নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানায়, পাকিস্তান-আফগানিস্তান-চীনের ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপে এ আহ্বান জানানো হয়। তালেবান ক্ষমতায় ফেরার পর কাবুলে এটিই ছিল প্রথম বৈঠক, যেখানে নিরাপত্তা ইস্যুই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বৈঠকের পাশাপাশি আফগান নেতাদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তান ফের ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) ও আল-কায়েদার ঘাঁটিতে পরিণত হয়েছে। পাকিস্তান ও চীন এ গোষ্ঠীগুলোকে নিজেদের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে।
চীনের মধ্যস্থতায় গত মে মাসে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের আশ্বাস পেয়েছিল। সে সময় বেইজিং জানিয়েছিল, ভবিষ্যতের অর্থনৈতিক প্রকল্প— বিশেষ করে মেস আইনাক কপার খনি উন্নয়ন— ইটিআইএম দমনের ওপর নির্ভর করবে।
কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ক্ষোভ প্রকাশ করে বলেন, তালেবান এখনো সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি পূরণ করেনি। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কিছুটা অগ্রগতি হলেও নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতায় অগ্রগতি খুব ধীর।
সম্প্রতি আফগান মাটি থেকে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে দার টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে “সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তালেবানদের সহযোগিতায় আফগানিস্তানে টিটিপি’র প্রায় ছয় হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। উন্নত অস্ত্র, আইএস-কে ও আল-কায়েদার সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তারা শুধু ২০২৪ সালের শেষার্ধে পাকিস্তানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এদিকে চীনের মধ্যস্থতায় কাবুল-ইসলামাবাদ সম্পর্কে কিছুটা অগ্রগতি এলেও পরিস্থিতি অস্থির। সম্প্রতি পাকিস্তান রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে। জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি কাবুলে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করে সন্ত্রাসবিরোধী যৌথ সমন্বয় কমিটি পুনরায় চালুর ঘোষণা দেন।

