ভারত ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার মেয়াদ আবারও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।
পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি–পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নোটিশে জানায়, ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে। এর পাল্টা হিসেবে পাকিস্তান ২৪ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
এরপর থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইসলামাবাদ। সর্বশেষ নোটিশ অনুযায়ী, ২২ আগস্ট পর্যন্ত মেয়াদ থাকার কথা থাকলেও তা আরো এক মাস বাড়িয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে পাকিস্তানের সিদ্ধান্তের পাল্টা হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
দুই দেশের পারস্পরিক এই পদক্ষেপের কারণে ভারতীয় অনেক ফ্লাইটরুট দীর্ঘ হচ্ছে, ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে এবং ভ্রমণ ব্যয়ও বেড়ে যাচ্ছে।

