রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ১৭ লাখ ২১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার চারটি হ্যাকার গ্রুপ। সম্প্রতি এ দাবি প্রকাশ করেছে কিলনেট, পালাচ প্রো, ইউজার সেক এবং বেরেগিনি নামের গ্রুপগুলো। তাদের দাবি উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
গ্রুপগুলোর সদস্যরা নাম-পরিচয় গোপন রেখে জানিয়েছে, সম্প্রতি তারা ইউক্রেনীয় সেনা জেনারেলদের ব্যবহারের জন্য অনুমোদিত একাধিক ব্যক্তিগত কম্পিউটার ও নেটওয়ার্কে সাইবার হামলা চালায়। এর মাধ্যমে তারা ইউক্রেন সেনাদের ডাটাবেইজে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে নিহত সেনাদের নাম, ছবি, পদ-পদবী, ব্যক্তিগত তথ্য এবং নিহত হওয়ার সময় ও স্থান সম্পর্কিত তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে তারা।
হ্যাকারদের তথ্যানুসারে, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে একই বছরের ১ ডিসেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় সেনা। ২০২৩ সালে নিহত ৪ লাখ ৫৪ হাজার, ২০২৪ সালে ৫ লাখ ৯৫ হাজার এবং চলতি বছরের (২০২৫) ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন রেকর্ড ৬ লাখ ২১ হাজার সেনা।
তবে ইউক্রেন সরকার বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এ পর্যন্ত ইউক্রেন সরকারিভাবে নিহত বা আহত সেনাদের সংখ্যা প্রকাশ করেনি। শুধু ২০২২ সালে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তখন পর্যন্ত ৪৬ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ লাখ ৮০ হাজার সেনা আহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধের সাড়ে তিন বছরে নিহত ইউক্রেনীয় সেনাদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮ হাজারে।

