পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বৃহস্পতিবার ইসলামাবাদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, “আজ আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছি।” পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াং ই পাকিস্তান-চীন ষষ্ঠ কৌশলগত সংলাপে অংশ নিতে বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইসহাক দারের স্বাগত পান। এর আগে তিনি পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সফর করেছিলেন।
পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও অবকাঠামোসহ বহু ক্ষেত্রে বিস্তৃত। গত বছরের মে মাসে বেইজিংয়ে পঞ্চম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সিপিইসি সম্প্রসারণ ও নতুন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ওয়াং ইর ইসলামাবাদ সফরের আগের দিন কাবুলে অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠক। এতে অংশ নেন ইসহাক দার, ওয়াং ই এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ছাড়াও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, বাণিজ্য এবং সিপিইসি আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের বিষয়ে অঙ্গীকার হয়।
গত মাসে পাকিস্তান ও চীন যৌথভাবে সিপিইসি-২-এর অধীনে প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দেয়। এর আওতায় নির্মাণ প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে বেইজিং সফর করবেন। সফরের ফাঁকে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে, এ সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিপিইসি-২ কার্যক্রম শুরু হবে, যার মূল লক্ষ্য শিল্প খাতে সহযোগিতা। প্রায় পাঁচ বছর বিলম্বের পর এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

