যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারী সাড়ে ৫ কোটি বিদেশির রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ উদ্যোগের ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেক বিদেশি দেশ থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন।
একইসঙ্গে বাণিজ্যিক ট্রাকচালকদের ভিসা দেওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫ কোটি ৫০ লাখের বেশি ভিসাধারীর রেকর্ড তারা পর্যালোচনা করছে। এর উদ্দেশ্য হলো ভিসা বাতিল বা অভিবাসন আইনের লঙ্ঘনের মতো বিষয় চিহ্নিত করা, যা বহিষ্কারের কারণ হতে পারে।
বৃহস্পতিবার দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। একইদিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বিদেশি ট্রাকচালকরা “আমেরিকানদের জীবন বিপন্ন করছে এবং স্থানীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।”
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত জবাবে পররাষ্ট্র দপ্তর জানায়, সব ভিসাধারীই “নিরবচ্ছিন্ন যাচাই-বাছাই”র আওতায় থাকেন। ভিসার অযোগ্য প্রমাণিত হলে তা বাতিল হবে এবং তারা যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কৃত হবেন।
তদন্তে মূলত দেখা হচ্ছে— অতিরিক্ত সময় অবস্থান, অপরাধে সংশ্লিষ্টতা, জননিরাপত্তার হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার মতো বিষয়। দপ্তরটির ভাষ্য, আইন প্রয়োগকারী সংস্থার তথ্য ও অভিবাসন রেকর্ড মিলিয়েই অযোগ্যতার প্রমাণ পাওয়া যায়।
২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন দমন অভিযান শুরু করে। এতে অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ ভিসাধারীরাও টার্গেট হচ্ছেন।
প্রাথমিকভাবে বলা হয়েছিল কেবল বিপজ্জনক অপরাধীদের লক্ষ্য করা হবে। কিন্তু বাস্তবে প্রতিদিন হাজারো মানুষ গ্রেপ্তার হচ্ছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছরেই প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করতে পারে মার্কিন সরকার।
রেস্তোরাঁ, নির্মাণ সাইট, খামার থেকে শুরু করে আদালত প্রাঙ্গণেও অভিযান চালিয়ে কাজের অনুমতিপ্রাপ্তদের গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি বৈধ মর্যাদা পাওয়ার জন্য দেওয়ানি শুনানিতে হাজির ব্যক্তিরাও গ্রেপ্তার হচ্ছেন।
এ ছাড়া মানবিক প্যারোল ও অস্থায়ী সুরক্ষা কর্মসূচিও সীমিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এতদিন দুর্যোগপূর্ণ দেশ থেকে আসা লাখো মানুষ এ কর্মসূচির আওতায় বসবাস ও কাজের অনুমতি পেয়েছিলেন।
শিক্ষার্থী ভিসাধারীরাও অভিযানে বাদ পড়েননি। চলতি বছর এখন পর্যন্ত ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। সরকার বলছে, তারা আইন ভেঙেছে বা সন্ত্রাসবাদকে সমর্থন করেছে। তবে নথিভুক্ত অনেক ঘটনায় দেখা গেছে, তারা কেবল ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বা মতামতমূলক লেখা লিখেছিলেন, যা আসলে যুক্তরাষ্ট্রের সংবিধানে সুরক্ষিত বাকস্বাধীনতার অধিকার। এমনকি কোনো ধরনের আন্দোলনে অংশ না নেওয়া শিক্ষার্থীরও ভিসা বাতিল হয়েছে।

