মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আগামী দুই সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। কনজারভেটিভ টক রেডিও অনুষ্ঠান ‘দ্য টড স্টার্নস শো’-তে এই মন্তব্য করেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বলব, দুই সপ্তাহের মধ্যেই আমরা একভাবে বা অন্যভাবে জানতে পারব। এরপর হয়তো অন্য পথ নিতে হবে, তবে খুব শিগগিরই আমরা জানতে পারব।” আনাদোলু জানাচ্ছে, সংঘাত বন্ধের বিষয়ে একাধিক কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই সময়সীমা উল্লেখ করেছেন।
সম্প্রতি আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বিভিন্ন ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। ট্রাম্প পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন এবং ত্রিপক্ষীয় বৈঠকেও নিজেকে অন্তর্ভুক্ত করে সংঘাত সমাধানের উদ্যোগ নিতে চান। এর আগে তিনি জেলেনস্কিকে আলোচনায় “স্থিতিশীল” হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
ইউরোপীয় দেশগুলো সম্ভাব্য শান্তি কাঠামোর অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহযোগিতাও এতে অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বুধবার বলেছেন, শান্তিরক্ষী হিসেবে ন্যাটোর সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় এবং মস্কো এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা মেনে নেবে না।

