উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড আবারও আন্তর্জাতিক মহলে উত্তেজনার জন্ম দিয়েছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে। এ নির্দেশনার সঙ্গে মিলিয়ে পিয়ংইয়ং চীন সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, যেখানে মোতায়েন রয়েছে কমপক্ষে নয়টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM)।
মার্কিন থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) জানায়, সিংপুংডং নামের এই ঘাঁটি চীন সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অন্তত ২০টি ব্যালিস্টিক মিসাইল রক্ষণাবেক্ষণ ও মোতায়েনের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আলোচনায় মূলত উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়টি ছিল। তবে ট্রাম্পের প্রস্তাব কিম প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট ঘোষণা দেন, দেশটি কখনও পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যায়।
পরিস্থিতি আরও জটিল হয় ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি, মস্কোর পাশে দাঁড়াতে উত্তর কোরিয়া প্রায় এক লাখ সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ফলে পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন আইসিবিএম ঘাঁটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুতর হুমকি। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া স্পষ্ট করেছে, তারা পারমাণবিক কর্মসূচি থামাবে না। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে।
ফলে, কোরীয় উপদ্বীপ আবারও আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে বড় শক্তিগুলোর সংঘর্ষের সম্ভাবনা ক্রমশ বেড়ে চলেছে।

