শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে সরকারি অর্থ ব্যক্তিগত সফরে ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানের পর তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করলে রনিল দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে তিনি ক্ষমতা হারান। সাবেক এ রাজনীতিবিদ সাতবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) রনিল বিক্রমাসিংহ শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে যান। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে কলম্বোর দুর্গ মেজিস্ট্রেট আদালতে তোলা হতে পারে।
সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, রনিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ব্যক্তিগত কাজে লন্ডনে যান এবং এই সফরের জন্য সরকারি অর্থ ব্যবহার করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কিউবার হাভানা থেকে জি৭৭ সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে যান তিনি। সেখানে তার স্ত্রী প্রফেসর মৈত্রী বিক্রমাসিংহকে ওলভারহাম্পটন বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়, যা অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
সিআইডির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্যক্তিগত সফর সরকারি অর্থে করায় রনিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগে এই সফর সংক্রান্ত তথ্য জানতে তার স্টাফদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। যদিও তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল গ্রহণ করেছিলেন।
বিবিসি সিনহালার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন বিক্রমাসিংহে মোট ২৩ বার বিদেশ সফর করেন, যা শ্রীলঙ্কা সরকারের ৬০০ মিলিয়ন রুপি ব্যয় হয়। বর্তমানে মূল আলোচ্য বিষয় হচ্ছে লন্ডন সফর, তবে তার সর্বমোট ২৩টি বিদেশ সফরের খরচও জনসাধারণের নজরে এসেছে।
গণঅভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়লে রনিল দায়িত্ব নেন এবং কিছু সংস্কারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। তবে সাবেক প্রেসিডেন্টের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কিছু কঠোর পদক্ষেপের কারণে তিনি সমালোচিত ছিলেন।

