ইসরায়েলের বিতর্কিত নতুন বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ ২১ দেশ। তারা অভিযোগ করেছে, এ পদক্ষেপ ফিলিস্তিনে দুই-রাষ্ট্র সমাধানকে কার্যত অসম্ভব করে তুলবে।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, “এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে অবিলম্বে এটি প্রত্যাহারের আহ্বান জানাই।” তারা উল্লেখ করেছে, পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েল ঘোষণা করেছে, পূর্ব জেরুজালেমের পূর্ব দিকে প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় ‘ইস্ট ১’ বা ই-ওয়ান নামে পরিচিত অঞ্চলে ৩ হাজার চারশ’ নতুন বসতি স্থাপন করা হবে। এতে পশ্চিম তীরের একটি বড় অংশ পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পার্শ্ববর্তী হাজারো অবৈধ বসতির সঙ্গে নতুন সংযোগ তৈরি হবে। এদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়।
যৌথ বিবৃতিতে বলা হয়, এই বসতি প্রকল্প ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে বিভক্ত করবে, জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করবে এবং দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে।’ নিন্দাকারী দেশগুলোর মধ্যে রয়েছে—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
এছাড়া তারা সতর্ক করেছে, বসতি নির্মাণ অঞ্চলটির সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়িয়ে শান্তি থেকে আরও দূরে ঠেলে দেবে এবং ইসরায়েলি জনগণের জন্যও কোনো সুফল বয়ে আনবে না। ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই প্রকল্পের বিরোধিতা করেছে। ১৪ আগস্ট ইউরোপীয় ইউনিয়ন জানায়, সাম্প্রতিক বসতি স্থাপন, সহিংসতা এবং সামরিক অভিযান মাটিতে উত্তেজনা বাড়াচ্ছে যা শান্তি সম্ভাবনাকে ধ্বংস করছে।
অন্যদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, ই-ওয়ানের মতো বসতিগুলোই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দেবে। তার দাবি, “ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা এখন একেবারেই মৃত। স্বীকৃতি দেওয়ার মতো কিছু নেই, স্বীকৃতি নেয়ার কেউ নেই।”

