রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠক নিয়ে যখন মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনা চলছে, তখনই ল্যাভরভ এ মন্তব্য করেন।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। এ ধরনের বৈঠকের আগে এজেন্ডা চূড়ান্ত করতে হয়, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি।”
ল্যাভরভ আরও জানান, বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা জরুরি, সেগুলো এখনো হয়নি। তার ভাষায়, “ওয়াশিংটন ও কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ নানা বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে; অথচ জেলেনস্কি প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক অবস্থানে আছেন।”
প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে সম্প্রতি কূটনৈতিক উদ্যোগ দেখা গেছে। গত ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার প্রশাসনের উদ্যোগে শিগগিরই পুতিন ও জেলেনস্কির বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্রই সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক হবে বলেও ঘোষণা দেন তিনি।
তবে গত সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে সমালোচনা করেন ল্যাভরভ। তিনি বলেন, ওই বৈঠক ছিল রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি ‘আনাড়ি প্রচেষ্টা’।

