চীনের ইউনান প্রদেশে বৃষ্টি থেকে বাঁচতে দোকানে ঢুকে পড়া এক নারীর জীবনে অপ্রত্যাশিত সৌভাগ্য এসে ধরা দিয়েছে। আশ্রয় নেওয়া সেই দোকান থেকেই লটারির একটি স্ক্র্যাচ কার্ড কিনে তিনি জিতে নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ১০ লাখ ইউয়ান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
৮ আগস্ট ইউশি শহরে প্রবল বর্ষণে ভিজে ওই নারী আশ্রয় নেন হংটা জেলার একটি লটারির দোকানে। দোকানমালিক জানান, তিনি মজা করে বলেন, “বৃষ্টিতে আটকা পড়েছি, কিছু খেলা যাক।” এরপর প্রায় ৯০০ ইউয়ান (প্রায় ১২৫ ডলার) দিয়ে একটি পুরো বুকলেট স্ক্র্যাচ কার্ড কিনে ফেলেন তিনি। বুকলেটে ছিল ৩০টি টিকিট, প্রতিটির দাম ৩০ ইউয়ান।
অবিশ্বাস্যভাবে ষষ্ঠ টিকিটেই মিলল ১০ লাখ ইউয়ানের পুরস্কার। বিজয়ী নারী জানান, “আমার হাত-পা কাঁপছিল। ভাবতেও পারিনি এভাবে জিতব।” দোকানমালিক নিশ্চিত করেন, নিয়ম মেনেই পুরস্কার যাচাই ও অনুমোদন করা হয়েছে।
কৃতজ্ঞতা জানাতে তিনি দোকানমালিককে নগদ অর্থভর্তি একটি লাল খাম ও রেশমি ব্যানার উপহার দেন, যদিও নিজের সৌভাগ্যের খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি।
পুরস্কার সম্পর্কে তাঁর মন্তব্য ছিল বিনয়ী: “প্রায়ই দেখি লোকজন কোটি কোটি ইউয়ান জেতে। তার তুলনায় আমারটা ছোট। তাই চুপচাপ কাজে ফিরে গিয়েছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ব্যাপক সাড়া ফেলেছে। কেউ এটিকে চীনা প্রবাদ ‘পানি মানেই সৌভাগ্য’র সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেছেন, “নিশ্চয়ই সম্পদের দেবতা বৃষ্টি পাঠিয়েছিলেন।” আরেকজন মজা করে লিখেছেন, “যদি বৃষ্টি সৌভাগ্য আনে, তবে পরেরবার বৃষ্টি নামলেই লটারির দোকানে ছুটব।”


