আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পেরোলেও ইউক্রেন সংকটে কোনো সমাধান না আসায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন এবং শান্তিচুক্তির জন্য পুতিনকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। সূত্র:দ্য গার্ডিয়ান
শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি খুব শিগগিরই বড় সিদ্ধান্ত নেব। সেটা হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা, বড় শুল্ক, দুটোই কিংবা কিছুই নয়। আমি এটাও বলব—এটা তোমাদের নিজেদের যুদ্ধ।”
এর আগেই চলতি সপ্তাহে ইউক্রেনের একটি মার্কিন মালিকানাধীন কারখানায় রাশিয়ার হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে কয়েকজন আহত হন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তার দাবি, যুদ্ধ থামাতে আলোচনার বিকল্প নেই। শুক্রবার তিনি বলেন, রাশিয়া শুধু সময় নষ্ট করছে। যদিও ট্রাম্পের দাবি, আলাস্কার বৈঠকের পর তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনার আয়োজন শুরু করেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত, তবে এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ঠিক আছে, দেখা যাক। পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কি না সেটা সময়ই বলে দেবে। তারা যেন তেল ও পানির মতো—একসঙ্গে মেশানো সহজ নয়।”
যুদ্ধবিরতির উদ্যোগে তেমন অগ্রগতি না হলেও আলাস্কার লাল গালিচায় পুতিনের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, পুতিন হয়তো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে আসতে পারেন। তবে বর্তমানে রাশিয়া ফিফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ এবং ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নেয়নি।
অন্যদিকে পুতিন আলাস্কার বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। শুক্রবার এক পারমাণবিক গবেষণা কেন্দ্রে সফরে তিনি বলেন, “আমরা খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছি। সামনে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আলোর দেখা মিলছে।”

