ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দিচ্ছে না। চলতি বছরের বসন্ত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছে। এর পেছনে মূল উদ্দেশ্য হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসানো—যা ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (Atacms) ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বারবার অনুমতি দেওয়া হয়নি। অন্তত একবার ইউক্রেন এই মিসাইল ব্যবহার করতে চাইলেও তা বন্ধ করে দেওয়া হয় একটি বিশেষ “রিভিউ মেকানিজম” বা পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে। এই ব্যবস্থাটি তৈরি করেছেন পেন্টাগনের নীতিনির্ধারণ বিষয়ক আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি।
এই প্রক্রিয়ার আওতায় শুধু মার্কিন অস্ত্র নয়, ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলও পড়ছে, কারণ এগুলো লক্ষ্য নির্ধারণে মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে। সবশেষ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ–এর হাতে। উল্লেখ্য, এই মিসাইলের পাল্লা প্রায় ১৯০ মাইল বা ৩০৫ কিলোমিটার।
বাইডেন প্রশাসনের সময় নভেম্বর মাসে ইউক্রেনকে এই মিসাইল রাশিয়ার ভেতরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল, বিশেষ করে উত্তর কোরীয় সেনারা যুদ্ধে প্রবেশ করার পর। কিন্তু ক্ষমতা গ্রহণের আগে জানুয়ারিতে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দীর্ঘ-পাল্লার হামলার অনুমতি দেওয়া ছিল একটি “ভুল সিদ্ধান্ত”। তাঁর ভাষায়,
“আমি শতভাগ দ্বিমত পোষণ করি। আমরা কেন রাশিয়ার শত শত মাইল ভেতরে মিসাইল পাঠাব? এতে যুদ্ধ আরও তীব্র হবে। একে অনুমতি দেওয়া উচিত হয়নি।”
তবে এই রিভিউ প্রক্রিয়া আনুষ্ঠানিক নীতিগত পরিবর্তন কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে বাস্তবে এটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের ওপর আরও নিয়ন্ত্রণ তৈরি করছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুত কমতে শুরু করেছে।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন—এই যুদ্ধের শেষ হওয়া প্রয়োজন। তবে বর্তমানে রাশিয়া-ইউক্রেনের সামরিক অবস্থায় কোনো পরিবর্তন আসেনি।”
তবুও গত সপ্তাহে, পুতিন ও জেলেনস্কিকে আলোচনায় বসানোর প্রচেষ্টার মধ্যে ট্রাম্প আবার বলেন, শুধু প্রতিরক্ষা দিয়ে যুদ্ধ জেতা যায় না।
তিনি এক পোস্টে লিখেছিলেন:
“একটি ভালো স্পোর্টস টিমের মতো ভাবুন, যাদের দুর্দান্ত ডিফেন্স আছে, কিন্তু আক্রমণ করার অনুমতি নেই। সেই টিমের জেতার কোনো সম্ভাবনাই থাকে না।”
অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন কিছু অস্ত্র সরবরাহে সম্মত হয়েছে—তবে শর্ত ছিল এর খরচ বহন করবে ইউরোপীয় দেশগুলো। যদিও ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন “মস্কো পৌঁছাতে সক্ষম দীর্ঘ-পাল্লার অস্ত্র” দিতে আগ্রহী নয়। তবুও প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইউক্রেনকে ৩,৩৫০টি এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন (Erams) বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই অস্ত্রগুলোর পাল্লা প্রায় ২৮০ মাইল বা ৪০০ কিলোমিটার।

