গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন আরও ভয়াবহ আকার নিয়েছে। শনিবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। একইসঙ্গে, ক্ষুধা ও অপুষ্টিতে আরও আটজন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।
গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছে সেনারা
আল জাজিরার প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় ঢুকে পড়েছে। এর মধ্য দিয়ে শহরের আরও ভেতরে প্রবেশের চেষ্টা করছে সেনারা, যাতে প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা যায়।
আল-আহলি হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবরায় এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে, খান ইউনুসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুর ওপর আঘাত হানে ইসরায়েলি কামান। এতে অন্তত ১৬ জন নিহত হন, যার মধ্যে ছয় শিশু রয়েছে।
মানবিক সাহায্য পাওয়ার চেষ্টা করতে গিয়ে আরও ২২ জন নিহত হয়েছেন। “মোরাগ অক্ষ” এলাকার কাছে খাবারের লাইনে দাঁড়ানো এক ফিলিস্তিনি গুলিতে মারা যান। নেজারিম করিডরের কাছেও একজন সাহায্যপ্রার্থীকে হত্যা করেছে সেনারা।
ক্ষুধার মরণছোবল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু ক্ষুধা ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১১৪ জন শিশু।
মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বরশ লিখেছেন,
“ক্ষুধা নিঃশব্দে মানুষের দেহকে ধ্বংস করছে, শিশুদের জীবন থেকে বঞ্চিত করছে, আর প্রতিদিন হাসপাতাল ও তাঁবুগুলোকে পরিণত করছে শোকের দৃশ্যে।”
জাতিসংঘ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে—মধ্যপ্রাচ্যে এই প্রথম কোনো অঞ্চলকে এভাবে দুর্ভিক্ষপীড়িত ঘোষণা করা হলো। জাতিসংঘ বলছে, অন্তত পাঁচ লাখ মানুষ বর্তমানে ‘বিপর্যয়কর ক্ষুধার’ মধ্যে রয়েছে, এবং সেপ্টেম্বর নাগাদ এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই দুর্ভিক্ষকে “মানবসৃষ্ট বিপর্যয়” বলে আখ্যা দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের ধারাবাহিকভাবে সাহায্য সরবরাহ বাধাগ্রস্ত করা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
“ক্ষুধা সৃষ্টি করা গণহত্যারই অংশ। এর সঙ্গে যোগ হয়েছে স্বাস্থ্যখাত ধ্বংস, গণহত্যা এবং প্রজন্ম নিশ্চিহ্ন করার নীতি।”
মে মাসের শেষ দিক থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি একতরফা সাহায্য ব্যবস্থা চালু করেছে, যার নাম জিএইচএফ। কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এটিকে অবৈধ এবং মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থার আওতায় সাহায্য নিতে গিয়ে এখন পর্যন্ত ২,০৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫,৩০০ জনেরও বেশি।
২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলি সেনারা গাজায় এখন পর্যন্ত ৬২,৬০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে শিশু ও নারী সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

