তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের পক্ষে সরব হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মার্কিন ফার্স্ট লেডির প্রশংসা করেছেন ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রাণ হারানো শিশুদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য। এমিনে এরদোয়ান ফিলিস্তিনিদের জন্যও একই ধরনের সহযোগিতার হাত বাড়াতে বলেছেন।
শনিবার তুরস্কের রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে তিনি লিখেছেন, “গাজা উপত্যকা শিশুদের জন্য সমাধিস্থান হয়ে উঠেছে।” মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর এবং শক্তি এক করতে হবে।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে- “গাজার হাজার হাজার শিশুর মৃতদেহ জড়ানো কাপড়ে ‘অজ্ঞাতনামা শিশু’ লেখা আমাদের বিবেককে অপূরণীয় ক্ষত দিয়েছে। যেভাবে আপনি ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো শিশুদের জন্য সংবেদনশীলতা দেখিয়েছেন, একই সংবেদনশীলতা গাজার শিশুদের জন্যও দেখান।”
এমিনে এরদোয়ান সরাসরি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার মানবিক সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য।
চলতি মাসের শুরুর দিকে মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি শিশুদের কথা বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছিলেন, যদিও কোনো নির্দিষ্ট শিশু বা দেশ উল্লেখ করেননি।
তুরস্কের ফার্স্ট লেডি সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকেন না। তিনি মূলত পরিবেশ সংক্রান্ত কাজে সক্রিয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও তার পরিবেশ সংক্রান্ত কাজের প্রশংসা করেছেন।
এর আগে এমিনে এরদোয়ান বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। ২০১৬ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষের পক্ষে চিঠি লিখেছিলেন। গত মার্চ মাসে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আবারও চিঠি পাঠিয়েছিলেন।
মেলানিয়াকে লেখা সর্বশেষ চিঠিটি প্রকাশিত হলো এমন সময়ে, যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ–সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্রতিবেদন উদ্বেগ সৃষ্টি করেছে।
খাদ্য নিরাপত্তাবিষয়ক প্যানেল (আইপিসি) জানিয়েছে, গাজা নগরীতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি চলছে। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ১২২ জন নিহত হয়েছেন।
গাজার বেশির ভাগ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে।

