আমেরিকার রাজনীতি আবারও তোলপাড় করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। এবার তিনি সরাসরি হুমকি দিয়েছেন—অপরাধ দমনে ব্যর্থ হলে বাল্টিমোর শহরে সেনা পাঠাবেন তিনি। এই বক্তব্যে ইতোমধ্যেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছেন প্রেসিডেন্ট এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ওয়েস মুর, যিনি ডেমোক্র্যাট দলে আছেন।
ট্রাম্প বলেন, “বাল্টিমোরে ক্রাইম কন্ট্রোল করা যাচ্ছে না। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রয়োজনে আমি সেনা মোতায়েন করব।” তাঁর এমন বক্তব্যকে অনেকেই “আইনশৃঙ্খলার নামে রাজনৈতিক চাপ সৃষ্টি” বলে মনে করছেন।
অন্যদিকে গভর্নর মুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যা ভাবছেন তা হবে না। মেরিল্যান্ড নিজেই আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষম। “আমাদের শহরে কোনো ধরনের সেনা প্রয়োজন নেই, আমরা নিজেরাই পরিস্থিতি সামলাতে পারব”—এভাবেই প্রেসিডেন্টের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
এটি প্রথম নয়। এর আগে ওয়াশিংটনে একই ধরনের পরিস্থিতিতে সেনা মোতায়েনের প্রশ্ন উঠেছিল। সমালোচকেরা বলছেন, ট্রাম্প মূলত ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে রাজনৈতিক চাপ তৈরি করতে চান, যেখানে অপরাধ কিংবা বিশৃঙ্খলার প্রসঙ্গকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি।
এই বিতর্কে সাধারণ নাগরিকরা এখনো বিভক্ত। কেউ কেউ মনে করেন, সেনা নামলে হয়তো অপরাধ কমবে। আবার অনেকে বলছেন, একটি স্বাধীন শহরে সেনা পাঠানো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
মার্কিন রাজনীতিতে আইনশৃঙ্খলা এখন বড় আলোচ্য বিষয়। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের এমন হুমকি দেশজুড়ে তর্ক-বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। বাল্টিমোরের মানুষ এখন অপেক্ষায়—এই রাজনৈতিক দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।

