মিয়ানমারে ঔপনিবেশিক আমলে নির্মিত একটি ঐতিহাসিক রেলসেতু বোমা হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা। একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতু হিসেবে পরিচিত গোকটেইক ভায়াডাক্টে শনিবার এ হামলা চালানো হয়।
সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, টা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের যৌথ হামলায় সেতুটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে সেতুর অংশবিশেষ ভেঙে পড়তে দেখা গেছে।
গোকটেইক ভায়াডাক্ট ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে চালু হয়। ১০২ মিটার উঁচু এই সেতু উত্তরাঞ্চলের শান রাজ্যকে মান্দালায়ের সঙ্গে রেলপথে যুক্ত করেছে। নয়নাভিরাম দৃশ্যের জন্য এটি দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তবে বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ সেতু ধ্বংসের অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির মুখপাত্র লিওয়ে ইয়ায় উ দাবি করেন, জান্তার ড্রোন হামলাতেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, “সেনারা আজ সকালে আমাদের ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা চালায়। তারা আমাদের ওপর বোমাবর্ষণ করে এবং একইসঙ্গে গোকটেইক সেতুতেও বোমা ফেলে।”
২০২১ সালে সেনাপ্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকার উৎখাত করার পর থেকে মিয়ানমারে চলমান সংঘাতে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নোংখিও ও কিয়াউকমে এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ আরও বেড়েছে। জুলাই মাসে জান্তা বিদ্রোহীদের কাছ থেকে নোংখিও শহরের নিয়ন্ত্রণ পুনর্দখলের দাবি করে।

