উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে এই পরীক্ষার তদারকি করেছেন।
আজ রোববার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শনিবার চালানো পরীক্ষায় দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। তবে কেসিএনএ কোনো প্রযুক্তিগত বিশদ তথ্য প্রকাশ করেনি। শুধু জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এবং সেগুলোর অপারেশন ও প্রতিক্রিয়া প্রক্রিয়া সন্তোষজনক ছিল। কোথায় পরীক্ষা চালানো হয়েছে, সে তথ্যও প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর। কেসিএনএ প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্রকে আকাশে ছুটে যেতে দেখা যায়। একটি ছবিতে কিম জং উনকে সামরিক কর্মকর্তার ব্রিফিং নিতে দেখা যায়, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা ছিল।
কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগেই শেষ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এ সপ্তাহের শুরুর দিকে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। ইউএন কমান্ডের তথ্যমতে, মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।
এ বিষয়ে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোলকে উদ্ধৃত করে বলেছে, ঘটনাটি ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি।

