ইউক্রেন আর কোনো চাপের মুখে পড়ে আপসে যেতে রাজি হবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, স্বাধীনতা এখন নিশ্চিত হয়েছে এবং ইউক্রেন ভিক্ষা করে না বরং প্রস্তাব দেয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই জেলেনস্কি এ মন্তব্য করেন।
রোববার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “ইতিহাসে আর কখনোই ইউক্রেনকে সেই লজ্জা সহ্য করতে হবে না, যেটাকে রাশিয়ানরা ‘আপস’ বলে ডাকে। আমাদের প্রয়োজন ন্যায্য শান্তি। ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। বিশ্ব তা জানে এবং সম্মানও করে।”
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ স্বীকার করছে, কিয়েভ এখনো পুরোপুরি জয়ী না হলেও রাশিয়ার মতে পরাজিতও হয়নি। তার ভাষায়, “ইউক্রেন কোনো ভুক্তভোগী নয়, বরং এক যোদ্ধা। আমরা ভিক্ষা চাই না, বরং প্রস্তাব দিই। টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি আমরা অর্জন করব, কারণ শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা আমরা পাচ্ছি।”
জেলেনস্কি জানান, ইউক্রেনের ভবিষ্যৎ শুধু বর্তমানের লক্ষ্য নয়, বরং এটি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার—“শক্তিশালী, মর্যাদাবান, ইউরোপীয় ও স্বাধীন ইউক্রেন।”
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর সেই প্রচেষ্টা এগোয়। পরে হোয়াইট হাউসে ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
একই সময়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে কিয়েভে পৌঁছান। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর পশ্চিমা বিশ্বের মধ্যে কানাডাই প্রথম দেশ ছিল যারা ইউক্রেনকে স্বীকৃতি দিয়েছিল।
কার্নি এক বিবৃতিতে বলেন, “এই সংকটময় মুহূর্তে কানাডা ইউক্রেনের প্রতি সহায়তা এবং ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টা আরও জোরদার করছে।” পরে এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনের প্রতি কানাডার সমর্থনকে “অটল” বলে বর্ণনা করেন।
তিনি বলেন, “আপনারা যখন সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছেন এবং স্বপ্ন পূরণের পথে এগোচ্ছেন, কানাডা প্রতিটি পদক্ষেপে আপনাদের পাশে রয়েছে।”

