ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলা ও ধ্বংসযজ্ঞকে ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় বলে অভিহিত করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি অভিযোগ করেছেন, গাজার পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে কোনো ধরনের জবাবদিহিতা নেই।
সোমবার (২৫ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর খবরে জানানো হয়, শনিবার আইরিশ টেলিভিশন আরটিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, “আমরা এক ধরনের জবাবদিহিতাহীন অবস্থায় আছি”। তিনি গাজার মানবিক বিপর্যয়কে বিশ্বের ইতিহাসে এক “বেদনাদায়ক সময়” হিসেবে উল্লেখ করেন।
হিগিন্স আরো বলেন, বর্তমানে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কার্যকলাপের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অথচ আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ উপেক্ষা করছেন। পশ্চিম তীর ও গাজার সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবকে তিনি গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি এবং জবাবদিহিতাহীনতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।
তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির “অজবাবদিহিমূলক ব্যবহার” পরিস্থিতিকে অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মানবিক মূল্যবোধ সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে। হিগিন্স স্পষ্টভাবে বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তাকে দীর্ঘদিন ধরে অবহেলিত রাজনৈতিক সমস্যাগুলো থেকে মনোযোগ সরানোর অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না।”
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মনে করিয়ে দেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘চ্যাপ্টার সেভেন’ভুক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এর আওতায় নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই প্রয়োজনে বলপ্রয়োগসহ কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘমেয়াদি এই হামলা গোটা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং খাদ্যঘাটতির কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।

