আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে মার্কিন কংগ্রেসে পাস হওয়া নতুন আইন—‘বিগ বিউটিফুল বিল’—এর অধীনেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
আগে যেখানে পর্যটন ভিসার ফি ছিল ১৮৫ ডলার, সেখানে নতুন করে ২৫০ ডলার যোগ হওয়ায় মোট ফি দাঁড়াচ্ছে ৪৩৫ ডলার। অর্থাৎ এক লাফে বেড়ে গেছে ১৩৫ শতাংশের বেশি। বাংলাদেশি মুদ্রায় এই টাকার পরিমাণ প্রায় ৫৩ হাজার।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন অনুযায়ী নতুন অর্থবছরের শুরু থেকেই (অক্টোবর ১) এই ফি কার্যকর হওয়ার কথা। যদিও আনুষ্ঠানিকভাবে ২০২৬ সাল থেকে কার্যকর করার পরিকল্পনার কথা বলা হয়েছে। ইউএসএ টুডের মতে, একবার এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর একটি।
মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ফি হয়তো ফেরতযোগ্য হতে পারে। তবে কীভাবে ফেরত দেওয়া হবে, তার কোনো কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে—যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ এখন থেকে আরও ভারী হতে চলেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, একটি পাঁচ সদস্যের পরিবার যদি ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চায়, তবে কেবল ভিসার ফি বাবদই খরচ হবে প্রায় ২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা)। ফলে এই বাড়তি চাপ মূলত পর্যটন ভিসা আবেদনকে নিরুৎসাহিত করতেই প্রভাব ফেলবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি শুধু ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের জন্যই সমস্যার নয়। বরং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও এর বড় প্রভাব পড়তে পারে। দর্শক থেকে শুরু করে অংশগ্রহণকারী অ্যাথলেট—সবাইকে এই বাড়তি খরচের ধাক্কা সামলাতে হবে। বিশেষ করে স্বল্পআয়ের দেশের সাধারণ মানুষ ও ক্রীড়াবিদদের জন্য এটি হবে এক বড় বাঁধা।

