দক্ষিণ চীনের সানইয়া শহরে সর্বোচ্চ রেড টাইফুন সতর্কতা জারি করা হয়েছে, যা চীনের আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়। একই সময়ে ভিয়েতনাম সরকার পাঁচ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নিয়েছে, কারণ শক্তিশালী টাইফুন কাজিকি দেশগুলোতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন কাজিকি রোববার সন্ধ্যা থেকে হাইনান প্রদেশের দক্ষিণ উপকূল ঘেঁষে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত টাইফুনের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল) ছিল। চীনের আবহাওয়াবিদরা অনুমান করছেন, এটি আরো শক্তিশালী হয়ে ঘণ্টায় ১৮০ কিলোমিটার (১১১ মাইল) গতিবেগে পৌঁছাতে পারে।
ভিয়েতনামের থ্যান হোয়া, কুয়াং ট্রি, হুয়ে এবং ডানাং প্রদেশে ৫ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে টাইফুনের আঘাতের পূর্বাভাস রয়েছে। সরকারের নির্দেশে সম্ভাব্য বিপদ এলাকায় থাকা মানুষদের ঘরের বাইরে না যেতে বলা হয়েছে। উদ্ধার ও সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ভিয়েতনামের সাতটি উপকূলীয় প্রদেশে নৌকাগুলোকে উপকূলে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত চীনের সানইয়া শহরে সব পর্যটন স্থান, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। হাইনান ও পার্শ্ববর্তী গুয়াংডং এবং গুয়াংজি অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাইনানের কিছু অঞ্চলে রোববার থেকে সোমবার পর্যন্ত ৩২০ মিমি (১২.৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
স্থানীয় সরকারের জরুরি বৈঠকে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির’ জন্য প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে। শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণ কাজ, শপিং সেন্টার, রেস্তোরাঁ ও সুপারমার্কেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া সানইয়ার জলসীমায় নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
ভিয়েতনাম সরকার টাইফুন কাজিকির শক্তিকে গত বছরের ইয়াগি টাইফুনের সঙ্গে তুলনা করেছে। সেই সময় প্রায় ৩০ জন নিহত হন এবং ৩.৩ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল।

