উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে শায়িত টাইটানিক আবারও এক রহস্যময় অভিযানের কেন্দ্রবিন্দুতে। ২০২৩ সালের জুনে ওশানগেটের তৈরি পর্যটকবাহী টাইটান ডুবোজাহাজ ধ্বংস হয়ে পাঁচজনের মৃত্যুর পরও আবারও সেখানে নামার প্রস্তুতি নিচ্ছেন অজ্ঞাতনামা এক ধনকুবের।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ওই কোটিপতি কয়েক সপ্তাহের মধ্যেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নামবেন প্রায় ২ দশমিক ৪ মাইল (৩ দশমিক ৮ কিলোমিটার) গভীরে। খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তাঁর পরিচয় নিয়ে নানা জল্পনা। কেউ ধারণা করছেন, তিনি হতে পারেন টেসলার প্রধান ইলন মাস্ক। কেউ বলছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আবার অনেকে মার্কিন ব্যবসায়ী ল্যারি কনারের নামও উল্লেখ করছেন।
একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, অভিযানের জন্য প্রায় এক কোটি ডলার খরচ করবেন ওই ধনকুবের। তিনি নাকি এমন একজন পরিচিত মুখ, যিনি টাইটান ট্র্যাজেডির পর প্রথমবার টাইটানিক ভ্রমণের ঘোষণা দিয়ে আলোচনায় আসতে চান।
১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আজও রোমাঞ্চপ্রিয় ধনী ও অভিযাত্রীদের জন্য আকর্ষণীয়। তবে ২০২৩ সালের দুর্ঘটনার পর আর কোনো বাণিজ্যিক অভিযান হয়নি। টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষ তখন টাইটানিকের কাছেই পাওয়া গিয়েছিল। পরে তদন্তে জানা যায়, সমুদ্রতলে নামার সময়ই ভেতর থেকে ভেঙে (ইমপ্লোশন) মুহূর্তেই চূর্ণ হয়ে গিয়েছিল জাহাজটি। এতে ভেতরে থাকা পাঁচজন পর্যটক সেকেন্ডের মধ্যে প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশও।
বর্তমানে টাইটানিক পর্যন্ত নামতে সক্ষম কিছু সাবমেরিন থাকলেও সেগুলো মূলত গবেষণা প্রতিষ্ঠান ও নৌবাহিনীর ব্যবহারে সীমাবদ্ধ। বাণিজ্যিকভাবে নিরাপদ সাবমেরিন তৈরির প্রচেষ্টা এখনো চলমান।
এ প্রসঙ্গে টাইটান সাবমেরিনসের প্রধান নির্বাহী প্যাট্রিক লাহি নিউইয়র্ক পোস্টকে বলেন, “টাইটানিকের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এত গভীরে ডুবে থাকা একটি জাহাজ নিজেই এক বিশেষ আকর্ষণ। মানুষ যেমন এভারেস্ট জয়ের স্বপ্ন দেখে, তেমনি অনেকের স্বপ্ন টাইটানিক দেখা।”

