গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নাসার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের ঘটনা আর দেখতে চান না এবং এই ভয়াবহ পরিস্থিতির অবসান চান।
সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে নাসার হাসপাতালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমাবর্ষণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জবাব দেন, “আমি এই ঘটনায় খুশি নই। এমন দৃশ্য আর দেখতে চাই না এবং আমরা চাই এই দুঃস্বপ্নের পুরোপুরি অবসান হোক।”
এর আগে সোমবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি বিমান বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত নাসার হাসপাতালে টানা দুটি বোমা বর্ষণ করে। প্রথম দফায় ছয়তলা হাসপাতালের ছাদ ধসে পড়ে। উদ্ধারকাজ চলার সময় দ্বিতীয় দফায় আবারও বিমান হামলা চালানো হয়। এতে পাঁচ সাংবাদিকসহ মোট ২০ জন প্রাণ হারান। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন এপি’র ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাগা, আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ সালামা, রয়টার্সের ফ্রিল্যান্স সাংবাদিক মোয়াজ আবু তাহা ও হাতেম খালেদ এবং স্থানীয় সাংবাদিক আহমেদ আবু আজিজ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, তাদের কাছে তথ্য ছিল যে নাসার হাসপাতালে হামাসের যোদ্ধারা অবস্থান করছিল। নিহত ও আহতদের জন্য তারা গভীর দুঃখ প্রকাশ করে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেয়।
আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, গাজার সাধারণ মানুষের ওপর হামলা চালানো তাদের নীতি নয়, কিন্তু হামাস যোদ্ধারা সাধারণ মানুষের মধ্যে আত্মগোপন করায় বাধ্য হয়ে এমন অভিযান চালাতে হয়। তবে নাসার হাসপাতালের হামলার তদন্ত করা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। দেশটির আর্থিক ও সামরিক সহায়তা ছাড়া প্রায় দুই বছর ধরে গাজায় পরিচালিত অভিযানে ইসরায়েলের টিকে থাকা সম্ভব হতো না।

