যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন। অভিযোগ করা হয়েছে, কুক বন্ধকী ঋণের নথিতে ভুয়া তথ্য প্রদান করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প ফেডারেল রিজার্ভ বোর্ড অব গভর্নরসের সদস্য কুককে তৎক্ষণাৎ অপসারণের ঘোষণা দিয়েছেন। ফেডের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধে এই সিদ্ধান্তকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার রাতে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ কুককে লেখা একটি চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, কুক মিশিগানে একটি বাড়িকে প্রধান আবাস হিসেবে উল্লেখ করে বন্ধকী ঋণের নথিতে স্বাক্ষর করেছিলেন। তবে মাত্র দুই সপ্তাহ পর জর্জিয়ার আরেকটি সম্পত্তির জন্য একই ধরনের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের ভাষায়, “প্রথম প্রতিশ্রুতি দেওয়ার পর দ্বিতীয় নথি স্বাক্ষরের সময় তা জানতেন না, এটা বিশ্বাস করা কঠিন।”
এ প্রসঙ্গে কুক কিংবা ফেডারেল রিজার্ভ এখনো কোনো মন্তব্য করেনি।
বিবিসি জানায়, সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ফেডকে লক্ষ্যবস্তু করছেন, বিশেষ করে এর চেয়ারম্যান জেরোম পাওয়েলকে। সুদের হার কমাতে অনীহা দেখানোর অভিযোগ এনে ট্রাম্প একাধিকবার পাওয়েলকে অপসারণের ইঙ্গিত দিয়েছেন।
তবে কুককে অপসারণের সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। ১১১ বছরের ইতিহাসে ফেড বোর্ডের কোনো সদস্যকে এভাবে অপসারণ করা হয়নি। কুক ছিলেন সাত সদস্যের একজন এবং এই পদে থাকা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে। হোয়াইট হাউসকে প্রমাণ করতে হতে পারে অপসারণের যথেষ্ট কারণ ছিল।
গত সপ্তাহে ট্রাম্প কুককে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এ অভিযোগ প্রথমে তোলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও হাউজিং ফাইন্যান্স নিয়ন্ত্রক বিল পুলটে। তিনি এটিকে ‘অপরাধমূলক রেফারেল’ আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে চিঠি পাঠান এবং ন্যায়বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানান। তবে তদন্ত শুরু হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

