আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমার ধারণা, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনারা এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।” তবে এর আগেও তিনি যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি।
বরং তার প্রশাসন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগের বিরোধিতা করে আসছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। ওই হামলায় ছয়জন সাংবাদিকসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে এপি, রয়টার্স এবং আল জাজিরার সাংবাদিকও ছিলেন।

