অস্ট্রেলিয়া দীর্ঘ কয়েক দশক পর সবচেয়ে কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার মেলবোর্ন ও সিডনিতে সংঘটিত ইহুদিবিরোধী হামলার পেছনে ইরানের সম্পৃক্ততার অভিযোগ তুলে ইরানি রাষ্ট্রদূত ও আরও তিন কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সাংবাদিকদের বলেন, ইরানি রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তাকে দেশ ছাড়তে সাত দিনের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দেন এবং যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের নিরাপদ সুযোগে দেশে ফেরার আহ্বান জানান।
ওং জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে। পাশাপাশি ক্যানবেরা তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে আরও একধাপ এগিয়ে জানান, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “এই হামলাগুলো ছিল বিপজ্জনক আক্রমণ, যা একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় সংঘটিত হয়েছে।” যদিও এসব হামলায় কেউ হতাহত হয়নি, তবে ক্যানবেরা এটিকে সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।
এদিকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থা এএসআইও-এর প্রধান মাইক বার্জেস দাবি করেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান শুধু এই দুই হামলার সঙ্গেই নয়, ভবিষ্যতে আরও ইহুদিবিরোধী হামলার পরিকল্পনাতেও জড়িত থাকতে পারে। তিনি বলেন, ইরান তাদের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা করলেও গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইসরায়েল সিনাগগে হামলার পেছনে তেহরানের হাত থাকার শক্ত প্রমাণ রয়েছে।

