চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বৈঠক করতে চান সোমবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনায়ও আরো প্রস্তুত।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং সোমবার প্রথমবার হোয়াইট হাউস সফর করেন। ওভাল অফিসে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, “ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিম জং–উনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। আমি এ বছরই তাঁর সঙ্গে বৈঠক করতে চাই।”
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্যচুক্তি হয়, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া উচ্চ শুল্ক আরোপ থেকে ছাড় পায়। তবে দুই দেশ এখনও পারমাণবিক শক্তি, সামরিক ব্যয় ও যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার ৩৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা চালাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রশ্নে উত্তর কোরিয়া এখনও প্রতিক্রিয়া দেয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ দখল এবং অঞ্চলীয় লক্ষ্যবস্তু নির্ধারণের চেষ্টা করছে।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ওই সময়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি কূটনীতি শুরু হয়েছিল, কিন্তু পারমাণবিক কার্যক্রম বন্ধের কোনো চুক্তি হয়নি। ২০২৫ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর তিনি আবারও কিমের সঙ্গে সরাসরি কূটনীতি শুরু করার আহ্বান জানিয়েছেন, তবে কিম এখনো সাড়া দেননি।
হোয়াইট হাউস সফরে লি ট্রাম্পকে গলফ, হোয়াইট হাউসের সাজসজ্জা এবং বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “আমি আশা করি, আপনি কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনবেন, যেন কিম জং–উনের সঙ্গে বৈঠক সম্ভব হয়। এতে আপনি সত্যিই ইতিহাসে শান্তির প্রবর্তক হবেন।”
লির অফিস জানায়, তিনি ও ট্রাম্প জাহাজ নির্মাণ এবং দুই নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা নিয়েও আলোচনা করেছেন। লি ট্রাম্পকে অক্টোবর মাসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। ওই সময় ট্রাম্প চাইলে কিমের সঙ্গে বৈঠক করার চেষ্টা করতে পারেন।
শীর্ষ বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে আলোচনায় লি বলেছেন, “উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যদিও তাদের কার্যক্রমকে ঠেকানোর জন্য বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।” তিনি উল্লেখ করেন, দেশটির বছরে ১০ থেকে ২০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করার ক্ষমতা রয়েছে।

