ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটরা শহরে বৈষ্ণোদেবী মন্দিরের কাছে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে আছে।
এ ঘটনায় আহত ২৩ জনকে উদ্ধার করে কাটরা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং আজ বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টির কারণে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশপাশে আকস্মিক ধস নামে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূণ্যার্থীদের মধ্যে। ধসের পরপরই মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়েন। পরে যুক্ত হয় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।
টানা তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে রিয়াসি জেলাসহ জম্মু-কাশ্মিরে। ফলে ভূমিধস ও হড়পা বানের একাধিক ঘটনা ঘটছে। পুলিশ কর্মকর্তা পরমবীর সিং জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকার সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব এলাকায়ও উদ্ধারকারী বাহিনী পাঠানো হয়েছে। এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী দু’ থেকে তিন দিন জম্মু-কাশ্মিরের আবহাওয়া আরও খারাপ থাকতে পারে। অনেক এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা ও কিশ্তওয়াড় জেলায় ভূমিধস ও হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এনডিআরএফের এক কর্মকর্তা জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি যেন যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।”

